বিদেশেও নৈপুণ্য দেখাতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত

রেকর্ড টানা দশম টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কঠিন দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বিরাট কোহলির নেতৃত্বাধীন উড়তে থাকা ভারতীয় ক্রিকেট দল। তবে দক্ষিণ আফিকার মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি করতে হলে ‘খারাপ সফরকারী দলের’ তকমা থেকে বেড়িয়ে আসতে হবে ভারতকে। নিজ মাঠে এক মৌসুমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিযার মত শক্তিশালী তিন দলকে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ভারত। 
 
তবে বিদেশের মাটিতে উপমহাদেশের দলটির রেকর্ড মোটেই ভাল নয়। শক্তিশালী দল হিসেবে কেবলমসাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে সর্বশেষ তারা সিরিজ জয় করেছে ২০০৮-০৯ মৌসুমে। নিউজিল্যান্ড সফরে তিন টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়ী হয়েছিল ভারত। কোহলির অবর্তমানে সম্প্রতি সিমিত ওভারের ক্রিকেট ভারতীয় দলের নেতৃত্ব দেয়া রোহিত শর্মা বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা সফরের অপেক্ষায় আছি। এ সফরটি ভিন্নধর্মী একটি চ্যালেঞ্জ হবে। তবে আমি আমাদের ঘরোয়া মৌসুমের পুনরাবৃত্তি ঘটাতে চাই, কোন দলকে হারনোটাই সহজ নয়। বিভিন্ন সময়ে আমরা চ্যালেঞ্জর মুখোমুখি হয়েছি এবং ফিরে এসেছি।’
 
বিদেশের মাটিতে গত দুই বছরে কেবলমাত্র দুর্বল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার বিপক্ষে সাফল্য পাওয়া ও নিজ মাঠে ভারতের দুরন্ত নৈপুণ্যের কারণে ক্রিকেট বোদ্ধাদের অনেকের মতেই দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলির দলকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা প্রোটিয়ারা নিজ মাঠে কখনোই ভারতের কাছে হারেনি। দুই মাসব্যাপী দক্ষিণ আফ্রিকা সফরে ভারতয়ি দল তিন টেস্ট, ছয় ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। কেপ টাউনে ৫ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে।
 
ইত্তেফাক/কেআই