রাসেলকে বিনামূল্যে কৃত্রিম পা দিবে সিআরপি

বাস চাপায় বাম পা হারানো রাসেলকে বিনামূল্যে কৃত্রিম পা দিবে সাভারস্থ পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)। গতকাল বৃহস্পতিবার পায়ের মাপসহ অনুষঙ্গিক কাজের জন্য সিআরপি’তে আসেন পা হারানো রাসেল।

সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক জানান, কৃত্রিম পা সংযোজনের জন্য বৃহস্পতিবার সকালে রাসেলকে সিআরপি’তে আনা হয়। এখানে তার পায়ের পরীক্ষা করে দেখা হয়েছে এবং আগামী শনিবার থেকে তার পায়ের চিকিত্সা শুরু হবে। নতুন পা সংযোজনের জন্য প্রায় চার সপ্তাহ সময় লাগবে। সিআরপি’র পক্ষ থেকে রাসেলকে প্রথমে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির এবং পরে জার্মানি প্রযুক্তির উন্নত একটি পা সংযোজন করা হবে। এরপর নতুন পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতে অনুশীলন করানো হবে।

গত বছরের ২৮ এপ্রিল যাত্রাবাড়ী এলাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি গাড়ির চালকের সঙ্গে তাঁর কথা কাটাকাটির এক পর্যায়ে চালক বেপরোয়াভাবে তাকে চাপা দেয়।