বলিউড কিং অব রোমান্স খ্যাত শাহরুখ খান থাকবেন, আর নাচ হবে না? তা যে কোনও ভাবেই সম্ভব নয়, তার প্রমাণ পেল বিরুষ্কার মুম্বই রিসেপশন পার্টি। পার্টিতে যোগ দিয়ে নবদম্পতিকে নিজের সুপারহিট গানে কার্যত নাচিয়ে ছাড়লেন বলিউড বাদশা।
আনুশকা শর্মা ও বিরাট কোহালির স্বপ্নের মতো বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে মঙ্গলবার। ১১ ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে সেরেছেন বিরুষ্কা। দেশে ফিরে দু’টি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন নবদম্পতি। ২১ ডিসেম্বর দিল্লি এবং ২৬ ডিসেম্বর মুম্বাইতে হয়ে গেল সেই রিসেপশন।
বিরুষ্কার মুম্বাই রিসেপশনে যোগ দিয়েছিল প্রায় গোটা বলিউড। ছিলেন খেলার জগতের একাধিক সেলিব্রিটি। গিয়েছিলেন বলিউডের ‘কিং’ খানও। লোয়ার প্যারেলের সেন্ট রেজিস হোটেলের অ্যাস্টর বলরুমে তখন ঝলমল করছে সন্ধে। একে একে অতিথি সমাগম, ক্যামেরার ফ্ল্যাশ এবং হইহুল্লোড়।
সেখানে শাহরুখের উপস্থিতি যেন কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল পার্টির গ্ল্যামার। শাহরুখের সঙ্গে প্রথমে ‘কাল হো না হো’ ছবির ‘প্রিটি ওম্যান’-গানে নাচলেন বিরুষ্কা। এর পরই ডান্স ফ্লোরে শুরু হল ‘দিল সে’র ‘ছইয়াঁ ছইয়াঁ’। শাহরুখের সঙ্গে জমিয়ে নাচলেন বিরাট ও অনুষ্কা।
রিসেপশনে তাদের নাচের এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছে বিরুষ্কার ভক্তরা। শাহরুখ টুইটারে নবদম্পতির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
ইত্তেফাক/ রেজা