৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১২ জনুয়ারি সরকারের বর্ষপূর্তি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলার বিচার পক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিএনপি আবারও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার দুর্নীতির অর্থ ফেরত আনাসহ শাস্তির দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিকানায় নয় আকাশের ঠিকানায় উকিল নোটিশ পাঠিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা নাকি উকিল নোটিশ পাঠিয়েছে। তারা কোথায় উকিল নোটিশ পাঠিয়েছে? মির্জা ফখরুল শুধুমাত্র সংবাদ সম্মেলন করে উকিল নোটিশটি পড়ে শুনিয়েছেন। এটা কোথায় পাঠিয়েছেন? উকিল নোটিশ কোন ঠিকানায় পাঠিয়েছে অামরা জানি না। এটার কোন হদিস পাওয়া যায় নাই। সম্ভবত আকাশের ঠিকানায় উকিল নোটিশ পাঠিয়েছিলেন। উকিল নোটিশ পাঠিয়ে কোন লাভ হবে না। বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন বিভিন্ন দেশে অর্থ পাচার করে যেই দুর্নীতি করেছেন সেই দুর্নীতির মামলার জন্য অাপনি এবং আপনার পরিবারবর্গকে প্রস্তুত রাখুন।
খালেদা জিয়া আদালতকে হেনস্ত করেছে দাবি করে তিনি বলেন, আদালত ক্রমাগতভাবে খালেদা জিয়ার দ্বারা হেনস্তের শিকার হয়েছে। তিনি যে দিনই আদালতে যান সেই দিনই তার কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায়। গত কয়েকটি মামলার তারিখের দিন গাড়ি ভাঙচুর করেছে এবং ঢাকা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। তারা হয়তো আঁচ করতে পেরেছেন খালেদা জিয়ার শাস্তি হতে পারে। তাই বেগম জিয়ার পেট্রোল বোমা বাহিনীকে নির্দেশ দিয়েছে এসব কার্যকর্ম করার জন্য। বেগম জিয়াসহ বিএনপি নেতাদের বলতে চাই আপনারা ২০১৩, ১৪, ১৫ সালের মতো যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালান তাহলে জনগণ এবার আপনাদেরকে সমুচিত জবাব দিবে।
অাওয়ামী লীগের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের তিনি বলেন, সরকারি দলের নেতাকর্মী হিসেবে জনগণের শান্তি-শৃঙ্খলা, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের দায়িত্ব আছে যদি কেউ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় তাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা অামাদের দায়িত্ব। তাই আবার যদি ২০১৩, ১৪, ১৫ সালের মতো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয় জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোসাল, বলরাম পোদ্দার, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাজাহান আলম সাজু, ব্যারিস্টার জাকির আহমেদ, শাহদাত হোসেন টয়েল প্রমুখ।
ইত্তেফাক/অারকেজি