৯ পৌরসভা ও ১১৫ ইউপিতে ভোটগ্রহণ বৃহস্পতিবার

 
দেশের ৯টি পৌরসভা ও ১১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি পৌরসভা (৬টি সাধারণ, ৩ উপ-নির্বাচন), ইউপির ১১৫টি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ-নির্বাচন), জেলা পরিষদের দুইটি ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে।
 
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টায় স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
 
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ২৮ ও ২৯ নভেম্বর বাছাই ও ৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।
 
ইসি সূত্র জানায়, বন্যা, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণেও এসব এলাকায় নির্বাচন হয়নি। সে নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হচ্ছে।
 
এদিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখতে বলেছে কমিশন।
 
আজ ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা কুমিল্লা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। এখানকার ১৫টি ইউপিতে সাধারণ ও ৪টি ইউপিতে বিভিন্ন পদে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/কেকে