খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের হামলায় তিন ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাটিরাঙ্গা পৌর সদরের সোনালী ব্যাংক সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো: আবদুর রাজ্জাক(২২), মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক রুমেন বড়ুয়া(২১) ও মাটিরাঙ্গা কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পান্থ ঘরজা (২০)।
আহতদের মধ্যে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো: আবদুর রাজ্জাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে, গ্রুপিংয়ের জের ধরে হামলার ঘটনার প্রেক্ষিতে বুধবার রাতে জরুরি বৈঠক করে ছাত্রলীগের পৌর কমিটি বাতিল করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত বুধবার বিকালের দিকে সোনালী ব্যাংক সংলগ্ন দলীয় কার্যালয়ে জড়ো হয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো: শামছুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় অফিসে অবস্থান করছিলেন। নেতৃবৃন্দ দলীয় অফিস ত্যাগ করার পর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: তছলিম উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ হোসেন ও প্রচার সম্পাদক সুমনের নেতৃত্বে ১৫/২০জন যুবক দলীয় কার্যালয়ের সামনে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো: আবদুর রাজ্জাকের মাথা ফেটে যায়। এসময় দলীয় নেতৃবৃন্দ রক্তাক্ত অবস্থায় মো: আবদুর রাজ্জাকসহ আহতদেরকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো: আবদুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো: শামছুল হক জানান, তারা কয়েকজন নেতা অফিস থেকে চলে যাওয়ার পর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: তছলিম উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ হোসেন ও প্রচার সম্পাদক সুমনের নেতৃত্বে ১৫/২০জন যুবক পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো: আবদুর রাজ্জাকসহ কয়েকজন নেতার ওপর হামলা চালিয়ে তাদের আহত করে।
তিনি আরও জানান, এ ঘটনার পর জরুরি বৈঠকে বসে পৌর ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়া হয়েছে। বৈঠকে এ হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের নেতারা দলীয় অফিসে বসে কথাবার্তা বলছিলেন। এক পর্যায়ে কথা কাটাকাটি ও হাতাহাতিতে লিপ্ত হয় তারা। এতে ২-৩ জন আহত হয়েছে। বাজারের টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তিনি বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দেননি। পরিস্থিতি এখন স্বাভাবিক।
ইত্তেফাক/নূহু