নাসিরনগরে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। বুধবার উপজেলার কুন্ডা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বিটুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী স্থানীয় মসজিদের ইমামের জন্য বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে যায়। এ সময় ওই এলাকার ৪ সন্তানের জনক ইমাম সানাউক হক বাচ্চু মিয়া(৩৫)তাকে মসজিদের পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটির রক্তক্ষরণ হতে থাকলে ধর্ষক পালিয়ে যায়।
শিশুটি আর্ত-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা ও মেডিকেল চেকআপের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ইমাম সানাউক হক বাচ্চু মিয়াকে আসামি করে নাসিরনগর থানায় মামলা করেছেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু