সুনামগঞ্জে তাহিরপুরের এক কিশোরীকে অপহরণ চেষ্টার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সুনামগঞ্জ শহরতলির আব্দুজ জহুর সেতুর ওপর এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাত সাড়ে ১০টায় অপহরণকারী তাহিরপুরের লাকমা গ্রামের সমুজ আলীর ছেলে ইমরান মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন কিশোরীর বড় ভাই।
আটককৃতরা হলো তাহিরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. সাইফুল ইসলাম ও সুনামগঞ্জ শহরের নবীনগরের বাবুল রায়ের ছেলে বাপ্পী রায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল এলাকার লাকমা গ্রামের সমুজ আলীর ছেলে ইমরান মিয়া। বখাটে ইমরান মিয়ার কবল থেকে ঐ কিশোরীকে রক্ষা করতে বুধবার সিলেটে পাঠিয়ে দিয়েছিল পরিবার। খবর পেয়ে বখাটে ইমরান মোটরসাইকেল নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুর জহুর সেতুর ওপর থেকে গাড়ি থেকে জোর করে নামিয়ে সিএনজি দিয়ে অপহরণ করার চেষ্টা করে।
এ সময় চিৎকার শুনে ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণকারীর ২ সহযোগীকে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, বখাটে ইমরান মিয়া ঐ কিশোরীকে এর আগেও একবার অপহরণ করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। বখাটে ইমরান মিয়াকে আটক করার চেষ্টা চলছে। ইমরান মিয়াসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/নূহু