নৌ পুলিশের মাসিক অপরাধ সভা

অবৈধ মাছ শিকারিদের গ্রেফতার করা হবে

 ‘বাংলার নদীপথ, রাখিব নিরাপদ’ এই শ্লোগান নিয়ে সম্প্রতি নৌ পুলিশের সদর দপ্তরে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। নৌ পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ পুলিশের গৃহীত পদক্ষেপের তথ্য উপস্থাপন করা হয়। সভায় আরো জানানো হয়, নৌ পুলিশ গঠিত হবার পর ইলিশের উত্পাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মত্স্য উত্পাদনে প্রথম পাঁচটি দেশের মধ্যে নিজের স্থান করে নিয়েছে।

নৌ পুলিশের ডিআইজি অসাধু মাছ শিকারির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অপকর্ম থেকে বিরত না থাকলে শিগগির তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব অসাধু মাছ শিকারি সরকারের বেঁধে দেওয়া মাছ শিকারের সময়কে উপেক্ষা করে অবৈধভাবে জাটকা মাছ ও মা ইলিশ ধরছে। গত মার্চ মাসে এসব অভিযোগে ৪১৭ জন মাছ শিকারিকে আটক করা হয়। এদের মধ্যে ৩শ’ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ১০৫ জনের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আগামী মৌসুমে মাছ শিকারিরা সরকারের নির্দেশ না মেনে মত্স্য আহরণ  করলে তাদের আবারো গ্রেফতার করা হবে।