লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশি গরু পারাপারকারী আব্দুল লতিফ (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় আরেক বাংলাদেশি যুবক আজম আলী (২৮) বিএসএফের নির্যাতনে শিকার হন।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় তারা গরু পারাপার করতে থাকে। এসময় ভারতীয় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের বিএসএফ টহলদলের সদস্যরা নওগাঁ জেলার আত্রাই উপজেলার রফিকুল ইসলামের ছেলে আব্দুল লতিফ ও বুড়িমারী ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে আজম আলীকে ধরে বেধড়ক পেটায়। ঘটনার সময় আজম আলী পালিয়ে আসতে পারলেও লতিফকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। আহত যুবক পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে বলে হাসপাতালের ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছে।
এ ঘটনায় দুপুর ১২টায় বিজিবি ৬১ ব্যাটালিয়ন ও বিএসএফ কুচবিহার ৬১ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি বাংলাদেশিকে ফেরত চেয়ে পত্র দিয়েছে বলে জানিয়েছে। রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান