পরকীয়া বাঁধা দেয়ায় স্বামীর ছুরিকাঘাতে জীবন গেল শারমিন খাতুন (২৬) নামে এক গৃহবধূর। বৃহস্পতিবার ভোরে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন ওই গ্রামের হায়দার আলীর (৩০) স্ত্রী। তার ৫ বছরের একটি মেয়ে এবং ৪ মাসের একটি ছেলে রয়েছে।
শারমিনের বাবা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম অভিযোগ করেন, তার জামাতা হায়দার অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিল। এই নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। ঘটনার সময় উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে হায়দার আলী শারমিনের পেটে, কাঁধে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক আব্দুল জলিল জানান, দুপুরে শারমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শারমিনের বাবা মামলা দায়ের করেছেন। হায়দারের পরিবারের সবাই পালিয়ে গেছে।
ইত্তেফাক/ইউবি