যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, ৩১ তারিখে যশোর ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আগামী একাদশ নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করার জনসভা। শেখ হাসিনার সরকার, বারবার বারবার দরকার।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত প্রচার মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু।
মনিরুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ‘মানবতার মা’ উপাধি পাওয়া জনবান্ধব, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসছেন। আমাদেরকে তাকে দেখিয়ে দিতে হবে যশোরের মাটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি।
তিনি আরো বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক তারা বঙ্গবন্ধু কন্যাকে না দেখে ঘরে বসে থাকতে পারবো না বলে আমার বিশ্বাস। ‘মানবতার মা’ এর যশোরের উন্নয়নের বার্তা শোনার জন্য হলেও আমাদেরকে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে জনসভা সফল করতে হবে। এ সময় তিনি ঝিকরগাছা-চৌগাছা আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, চৌগাছার ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, গঙ্গানন্দপুর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দার রহমান, ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টু, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দীন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাতিবিলা সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মিয়া, ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল, যুবলীগ নেতা ইলিয়াস মাহামুদ, সাবেক ছাত্রলীগ নেতা সামছুজ্জোহা লোটাস, মো. জুবায়ের প্রমুখ।
ইত্তেফাক/ইউবি