নেত্রকোনার ঐতিহ্যবাহী মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্টান। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনসহ সারা শহরে চলছে সাজ সাজ রব। হাজার হাজার মানুষের বিশাল সমাগম।
২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানে ৩টি পর্বে পুনর্মিলনীর দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে পুনর্মিলনী উদযাপন কমিটি।
পুনর্মিলনী অনুষ্টানে সকাল ৯টায় উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, স্থানীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।
বেলা ২টায় অনুষ্ঠানের স্মৃতিচারণ ও আলোচনা পর্বে পুনর্মিলনী উদযাপন মোহনগঞ্জ স্থানীয় কমিটির আহবায়ক ও মোহনগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আব্দুল মতিন প্রাক্তন অধ্যাপক, ড. রশিদ চেয়ার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুনর্মিলনী কেন্দ্রীয় উদযাপন কমিটি ও প্রধান মন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সফর আলী আকন্দ।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন ঢাকা ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কাজী মোজাম্মেল হক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. সদরুল আমিন, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ কেরোলিনার এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ও উপাচার্যের উপদেষ্টা ড. আলী আতহার খান, রাজধানীর সিটি ইউনিভার্সিটির ডীন ও অধ্যাপক ড. মিহির কুমার রায়, জাতিসংঘের পলিটিক্যাল এফেয়ার্স অফিসার মোশতাক আহমেদসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে দেশবরেণ্য কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, প্রখ্যাত কন্ঠশিল্পী সুবীর নন্দী, চ্যানেল আই সেরা কন্ঠশিল্পী ঝিলিক ও আশিকসহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
১৯৮১ সালের ১লা জানুয়ারি বিদ্যালয়টিকে সরকারী করা হয়। ১৯৯২ সালে স্কুলে ইতিহাসে উল্লেখযোগ্য বিষয় হিসেবে স্থান করে নেয় হিরক জয়ন্তী । এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবি জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান ।
ইত্তেফাক/নূহু