শায়েস্তাগঞ্জে তেল লরি বাহী রেল লাইনচ্যুত

 
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে তেলের লারি বাহী রেলের বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার পৌনে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ রেলক্রসিংয়ে এ বগিটি লাইনচ্যুত হয়।
 
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. বক্কুর সিদ্দিক জানান, শ্রীমঙ্গল থেকে আখাউড়াগামী তেলের লরি বাহী একটি রেল শায়েস্তাগঞ্জে লাইনচ্যুত হয়। এরপর শায়েস্তাগঞ্জ জংশনে একটি মালবাহী রেল, শাহজীবাজারে সিলেটগামী পারাবত ও শ্রীমঙ্গল স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা রেল আটকা পড়ে।
 
শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আখাউড়ায় খবর দেয়া হয়েছে। স্থানীয়ভাবে উদ্ধারে ব্যর্থ হলে উদ্ধার রেল এসে বগিটি উদ্ধার করবে।
 
এদিকে তেলের লরি বাহী রেলটি যখন লাইনচ্যুত হয় তখন সেটির পিছনের অংশ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রেল ক্রসিং অতিক্রম করতে পারেনি। ফলে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক বন্ধ রয়েছে। ফলে উভয় দিকে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে। অন্যান্য যানবাহন কলিমনগর সড়কে বিকল্পভাবে চলাচল করছে।
 

ইত্তেফাক/এএম।