প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বাংলাদেশ ইকোনোমিক জোনস অথরিটির (বেজা) যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে ‘ইকোনোমিক জোনসমূহে কর্মসংস্থান ও দক্ষতার চাহিদা’ বিষয়ক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী; বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম। ইকোনোমিক জোনসমূহে কর্মসংস্থান ও দক্ষতার চাহিদা বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপনা করেন এটুআই প্রোগ্রামের হেড অব রেজাল্ট ম্যানেজমেন্ট ড. রমিজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পরিচালক (ইনোভেশন) মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়নের অন্যতম বিষয় ছিল দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি। এটুআই প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ‘কর্মসংস্থানের জন্য দক্ষতা’, যা সবার জন্য যথোপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতকরণ ও মাথাপিছু রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি ইকোনমিক জোন তৈরি করছে যেখানে ১ কোটি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ইকোনমিক জোনসমূহ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা পালন করবে। ইকোনমিক জোনসমূহের মানবসম্পদ ও দক্ষতা চাহিদা নিরুপণের লক্ষ্যে বেজা ও এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে একটি গবেষণা পরিচালনা করা হয়। এ গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে ইকোনমিক জোনভূক্ত শিল্প-প্রতিষ্ঠানের জন্য সরকারের দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠানসমূহ দক্ষ জনবল তৈরি করবে। এ মতবিনিময় সভার প্রধান উদ্দেশ্য ছিল সরকারের দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠানসমূহকে ইকোনোমিক জোনসমূহের কর্মসংস্থান ও দক্ষতার চাহিদা বিষয়ক ধারনা প্রদান করা। মতবিনিময় সভায় যুব উন্নয়ন অধিদপ্তর, কারিগরী শিক্ষা অধিদপ্তর, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ (ব্যুরো), সমাজসেবা অধিদপ্তর, এসএমই ফাউন্ডেশনসহ সরকারের দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠানসমূহের প্রধান, ইকোনমিক জোনের প্রধান, জোনভূক্ত শিল্প-প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/এএম।