নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল চালক রুহুল আমিন (৩৮) ও আলমগীর হোসেন (৩২) নামে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বেইলী ব্রিজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন নওগাঁ শহরের দয়ালের মোড়ের বাসিন্দা।
তিনি নওহাটা মোড় (চৌমাশিয়া) তরঙ্গ মাল্টিপারপাস ডেভেলপমেন্ট সেন্টার শাখার ম্যানেজার ছিলেন। আলমগীর হোসেন জেলার মান্দা উপজেলার মৈনম গ্রামের হামিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নওগাঁর উদ্যেশে সন্ধ্যায় ছেড়ে আসা ‘বরেন্দ্র এক্সপ্রেস’ গেটলক মেইল সার্ভিস (ঢাকা মেট্রো-ব-০২-০০২৮) নাম্বারের যাত্রীবাহী বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারায়। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক রুহুল আমিন মারা যান। আরোহী আলমগীর হোসেনকে গুরত্ব আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে মারা যান।
মহাদেবপুর থানার নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ওসি) মালেক জানান, ঘাতক বাসটিকে ঘটনাস্থলেই রেখে চালক পালিয়ে গেছে। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএম।