রাজধানীর পল্লবীতে একটি বস্তিতে আগুন লেগে ২৫টি ঘর পুড়ে গেছে। এ আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন কালশীর বাউনিবাদ বস্তির বামপাশের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এতে চারদিকে আগুন আতংঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন চিৎকার দিতে থাকলে বস্তির ঘর থেকে সবাই বের হয়ে আসেন। স্থানীয় লোকজন নিজেদের প্রচেষ্টায় আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ৪ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার অফিসার জানান, ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে সেখানে আগুন লেগেছে। সেই বস্তিতে অবৈধভাবে গ্যাসের লাইন নেয়া রয়েছে। যেসব ঘরগুলো পুড়ে গেছে সেগুলো টিনের। তবে কোন হতাহত হয়নি।
ইত্তেফাক/ইউবি