সাতক্ষীরা জেলায় মহাসড়ক থেকে শুরু করে জেলা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। অল্প বৃষ্টিতে রাস্তার ওপর পানি জমে থাকে। ঠিকাদারি কাজে অনিয়মের কারণে বছরের অধিকাংশ সময় সড়ক-মহাসড়কগুলোর অবস্থা বেহাল থাকে। তাই সাতক্ষীরা জেলার বিভিন্ন সড়ক-মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ সাতক্ষীরা জার্নালিস্ট ক্লাব। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১২টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্, সাতক্ষীরা জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক গাজী শাহ নেওয়াজ, দপ্তর সম্পাদক রহমান আজিজ, কার্যনির্বাহী সদস্য মাসুদ, নাসিরউদ্দীন, সাতক্ষীরা জেলা জন সমিতির সভাপতি রেজওয়ান খান মুন্না ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, তালা উপজেলা সমিতির সভাপতি অ্যাড. শহিদুল হক ও সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, শ্যামনগর উপজেলা সমিতির সভাপতি এবং সাবেক সাতক্ষীরা জেলা জন সমিতির সভাপতি ডা. আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক সামছুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন ফারহানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এল মারুফ-উল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে সৈয়দ দিদার বখত্ বলেন, মধ্যম আয়ের দেশ গড়তে হলে উন্নয়নের সূতিকাগার এবং বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে অবহেলা করে করা সম্ভব নয়।এখান থেকে সরকারের রাজস্ব আয়ের সম্ভাবনা প্রবল। সুন্দরবনকে কাজে লাগাতে পারলে মধ্যম আয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো আরও সহজ হবে। সেজন্য সাতক্ষীরার রাস্তাঘাটের সংস্কার জরুরি। সরকারকে সেদিকে খেয়াল রাখার জন্য আহবান জানান তিনি।
IMG0
নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরায় মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং শ্যামনগর কলেজ জাতীয়করণসহ বেশ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। কিন্তু সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড ম্লান করে দিচ্ছে জেলার বেহাল সড়ক ও যোগাযোগ ব্যবস্থা।এতে একই সাথে বাধাগ্রস্ত হচ্ছে সাতক্ষীরার সম্ভাবনাময় পর্যটন শিল্প ও ব্যবসা-বাণিজ্য।
ইত্তেফাক/মোস্তাফিজ