আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে দক্ষিণ আফ্রিকার হুমকি বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। এই তিন ব্যাটসম্যানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বোলারাদের পারফরমেন্সের উপর নির্ভর করছে প্রোটিয়াদের সাফল্য।
স্মিথ বলেন, ‘এই তিন ব্যাটসম্যান জ্বলে উঠলে ভারতের ম্যাচ জিততে কষ্ট করতে হয় না। এই তিন ব্যাটসম্যানের বিপক্ষে আমাদের বোলাররা ভালো করতে পারলেই দক্ষিণ আফ্রিকা সাফল্যের মুখ দেখবে।’
পুরো বছর জুড়েই ব্যাট হাতে ভারতকে দুর্দান্ত সব জয় উপহার দিয়েছেন কোহলি-রোহিত ও ধাওয়ান। তাই তিন ফরম্যাটেই সেরা সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। ১০ টেস্টের ১৬ ইনিংসে ১০৫৯ রান করেছেন কোহলি। ৫টি সেঞ্চুরির মধ্যে তিনটিই ডাবল সেঞ্চুরি কোহলির। ওয়ানডেতেও সেরা ফর্ম প্রদর্শন করে ২৬ ম্যাচে ১৪৬০ রান করেছেন তিনি।
ইনজুরির কারনে খুব বেশি টেস্ট খেলতে পারেননি রোহিত। তবে ওয়ানডেতে এ বছর কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৫টি সেঞ্চুরি ও ১টি ডাবল-সেঞ্চুরিতে ১২৯৩ রান করেছেন রোহিত। ইনজুরির কারনে পুরো বছর পুরোপুরিভাবে মাঠে নামতে পারেননি ধাওয়ানও। তারপরও টেস্টে ২টি ও ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি রয়েছে তার। তাই আসন্ন টেস্ট সিরিজে কোহলি-রোহিত ও ধাওয়ানের ফর্মকেই ভয় পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার স্মিথ।
তিনি বলেন, ‘কোহলি- রোহিত ও ধাওয়ান ভারতকে বেশক’টি ম্যাচ জিতিয়েছেন। তিন ফরম্যাটেই ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন তারা। তাদের প্রত্যকেরই গড় ও স্ট্রাইক রেট প্রায় ৯০-এর উপর। তাদের ব্যাটিং বেশ আনন্দ দিয়েছে। টেস্টে কোহলির ডাবল-সেঞ্চুরিগুলো ছিলো দুর্দান্ত। ওয়ানডেতে রোহিতের ডাবল-সেঞ্চুরিও ছিলো দেখার মত। খুব বেশি বড় ইনিংস খেলতে পারেননি ধাওয়ান। কিন্তু তার মধ্যে রানের ক্ষুধা ছিলো।’
ভারতের এই তিন খেলোয়াড়ের পারফরমেন্সের উপরই নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার সাফল্য। তাই প্রোটিয়া বোলারদের অনেক পরিকল্পনামাফিক খেলার পরামর্শ দিলেন স্মিথ, ‘দুর্দান্ত ফর্মে থেকে দক্ষিণ আফ্রিকায় পা রেখেছে কোহলি-রোহিত ও ধাওয়ান। এমনকি পুরো ভারত দল। এই ভারতের বিপক্ষে সাফল্য পেতে হলে দলের বোলারদেরই দুর্দান্ত পারফরমেন্স করতে হবে। নিজেদের কন্ডিশনে ব্যাটসম্যানরা এমনিতেই ভালো করবে। কিন্তু ভারতের সেরা তিন ব্যাটসম্যানের বিপক্ষে ভালো করতে হবে বোলারদের। তাই পরিকল্পনামাফিক খেলতে হবে বোলারদের।’
দক্ষিণ আফ্রিকার সর্বশেষ দু’সিরিজের একটিতে ড্র ও হার মানে ভারত। ২০১০ ও ২০১৩ সালের ঐ সফরে ভারতের নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার নতুন নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে ভারত। ইতোমধ্যে নিজের নেতৃত্বের গুনাগুন ফুটিয়ে তুলেছেন কোহলি। তাই প্রোটিয়াদের বিপক্ষে কোহলির নেতৃত্বের বড় প্রমান হবে বলে মনে করেন স্মিথ, ‘শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই নয়। নিজের নেতৃত্বের ঝলকও দেখিয়েছেন কোহলি। তবে এবারের সিরিজের কোহলির নেতৃত্বের বড় পরীক্ষা হবে। এশিয়ার বাইরের কন্ডিশনে কেমন সাফল্য পান কোহলি। গতবার দক্ষিণ আফ্রিকা সফরে খেলোয়াড় হিসেবে খেললেও, ঐ অভিজ্ঞতা এবারের সিরিজে বড় উপকার করবে কোহলিকে।’
কেপটাউনে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারতের তিন ম্যাচ সিরিজের প্রথমটি।বাসস।
ইত্তেফাক/ রেজা