জাবিতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার  বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবন এবং সমাজবিজ্ঞান অনুষদ ভবনে দুটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে প্রাথমিক ফল প্রকাশ করা হবে জানান নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
 
তিনি জানান, ৪৩৭৩ জনের মধ্যে ৩৬৩৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটারের ৮৩ শতাংশ। নতুন কলা ও মানবিকী অনুষদ ভবন কেন্দ্রে ১৯৬২ এবং সমাজবিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্রে ১৬৭৩ টি ভোট পড়েছে। নির্বাচনে ২৫টি আসনের বিপরীতে লড়ছেন ১১৯ জন প্রার্থী। আওয়ামী লীগপন্থিরা দুটি প্যানেলে ভাগ হয়ে 'বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট' এবং 'বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্রাজুয়েট মঞ্চ' এই দুটি প্যানেলে নির্বাচন করছেন। অপরদিকে বিএনপিপন্থিরা প্রতিদ্বন্দ্বীতা করছেন 'জাতীয়তাবাদী প্যানেল' থেকে। এ ছাড়া ৪৪ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩'-এর ১৯(১) (আই) ধারা অনুযায়ী তিন বছর পরপর এ নির্বাচন হওয়ার কথা। কিন্তু দীর্ঘ ১৯ বছর পর গতকাল এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক জানান, ‘কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
 
ইত্তেফাক/জামান