বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের মাস্টার রোলের এক কর্মচারীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কর্মচারীর নাম রায়হান চৌধুরী পিন্টু।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট থেকে পিন্টুকে আটক করে শনিবার তাকে রংপুর জেল-হাজতে নেয় পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিব্বুল বলেন, ‘ভর্তি পরিক্ষায় জালিয়াতির ঘটনায় পিন্টুর জড়িত থাকার প্রমান মিলেছে। শনিবার তাকে কোতয়ালী থানা থেকে জেলে পাঠানো হয়েছে’।
পুলিশ সুত্রে জানা যায়, ভর্তির জালিয়াতিতে জড়িত সেই আন্টির সঙ্গে যোগসাজশ ছিল পিন্টুর।
এদিকে পিন্টুকে গ্রেফতারের মাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পিন্টু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম ভাঙিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় ছিল বলে প্রাথমিকভাবে জানা য়ায়। আটক কর্মচারী পিন্টু রংপুর নগরীরর সেনপাড়ার বাসিন্দা।
গত ২৮ ডিসেম্বর বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় সনাক্ত করা ভূয়া পরীক্ষার্থী এবং তাদের সঙ্গে জড়িতদের ব্যপারে তথ্য অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আবুল কালাম মোঃ ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা মামলা করেছিলাম। পরে পুলিশ কি করেছে তা জানিনা’।
ইত্তেফাক/নূহু