জঙ্গি আবু সাঈদ ৩ দিনের রিমান্ডে

 
জেএমবি'র শুরা সদস্য ও দক্ষিণ অঞ্চল প্রধান আবু সাঈদ ওরফে করিম ওরফে তালহা ওরফে শ্যামলকে তিনদিন পুলিশ হেফাজতে রেখে রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। আবু সাঈদ ভারতের খাগড়াগড় বোমা হামলায় জড়িত অভিযোগে মোস্ট ওয়ান্টেড আসামি।
 
এর আগে শনিবার বিকেলে তাকে নন্দীগ্রাম থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের একটি মামলায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীন কাদির। আদালতের বিচারক বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হান শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
   
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা ইউনিট আবু সাঈদ ওরফে শ্যামলকে গ্রেফতার করা হয়।
 
অভিযানকালে আবু সাঈদের কাছ থেকে একটি নাইন-এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ১টি চাকু ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান