'মোরা জনম দুখী কপাল পোড়া'

 
পাঁচ ভাই তিন বোনের মধ্যে গোপাল চন্দ্র (৪৫) সপ্তম। পরিবারের সকলেই স্বাভাবিক-সুস্থ জীবন যাপন করছেন। কিন্তু গোপাল চন্দ্রই একমাত্র ক্ষুদ্রাকৃতির। এমনকি তার তিন মেয়েও তার মতো ক্ষুদ্রাকৃতি দেখতে। গোপাল শুধু ক্ষুদ্রাকৃতিরই নন তার দু'হাত দু'পা বাঁকা।
 
গোপাল চন্দ্র টাঙ্গাইলের দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত নিত্য চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি ১৪ বছর আগে বিয়ে করেছেন বাসাইল উপজেলার আইসড়া গ্রামে। স্ত্রী আন্না রাণী সূত্রধর। গোপাল চন্দ্র ভেবে ছিলেন তিনি প্রতিবন্ধী হলেও তাদের সন্তান হয়তো স্বাভাবিক সুস্থ হবে। কিন্তু বিধি বাম। প্রথম সন্তান রাত্রী সূত্রধর (১২)। বাবার মতই প্রতিবন্ধী। সে এম এ করিম উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ছে।
 
তাদের বাড়িতে গিয়ে দেখা যায় রাত্রী সূত্রধর রান্না করছেন। প্রতিবন্ধী হলেও মনোবল খুব শক্ত। অভাবের সংসারে রাত্রী লেখাপড়ার পাশাপাশি বাঁশ দিয়ে ত্যালাইয়ের চাটাই বানিয়ে বাবা-মাকে সহযোগিতা করে বলে তার মা জানান। গোপাল ও আন্না রাণীর ঘরে দ্বিতীয়বারও আসে যমজ দুই প্রতিবন্ধী মেয়ে। রিনা ও বীনা সূত্রধর। বর্তমানে তাদের বয়স ৭ বছর। দুই বোনই ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
 
প্রতিবন্ধী হওয়ায় গোপাল চন্দ্র তার নিজ পরিবারে যেন পরবাসী। ছোট বেলা থেকেই তাকে মানসিক কষ্ট নিয়ে বড় হতে হয়েছে। এখনও ভাই-বোনেরা তাকে সেভাবে দেখে না বলে জানান এলাকাবাসী। গোপাল চন্দ্র পারিবারিকভাবে কাঠ মিস্ত্রি। ক্ষুদ্রাকৃতি ও হাত পা বাঁকা হওয়ার কারণে ভারী কাজ করতে পারেন না। তাই কেউ তাকে কাজে নেয় না। পিড়ি, টুল ও ছোট খাটো আসবাবপত্র তৈরি করে যে আয় করে তাতে তার সংসার চলে না। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে স্বামীকে সহযোগিতা করার চেষ্টা করেন। এভাবেই সন্তানদের নিয়ে জীবন যুদ্ধে বাঁচার চেষ্টা করে যাচ্ছেন তারা।
 
গোপাল ও আন্না রাণীর সাথে যখন কথা হয় তখন তাদের উভয়ের চোখ দিয়ে ছলছল করে পানি পড়ছিল। সমাজের অবহেলিত অসহায় এই মানুষগুলোর জন্য প্রয়োজন একটু সহযোগিতার হাত। প্রতিবেশী এইড এম তাওহীদ রুবেল বলেন, গোপাল চন্দ্র সূত্রধরের আচার ব্যবহার খুবই ভাল। সে খুব পরিশ্রমী। কিন্তু প্রতিবন্ধী হওয়ায় ভারী কাজ করতে পারে না। তাই কেউ তাকে কাজেও নেয় না। আটিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক বলেন, 'প্রতিবন্ধী এই পরিবারটির জন্য সব ধরণের সহযোগিতার ব্যবস্থা করা হবে।'
 
ইত্তেফাক/জামান