ডিক্যাবের সভাপতি লোটাস, সম্পাদক মিশু

 
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি পদে আবারো নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের রেজাউল করিম লোটাস। সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু। 
 
রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে লোটাস পেয়েছেন ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজ টুয়েন্টি ফোরের আঙ্গুর নাহার মন্টির প্রাপ্ত ভোট ১৩। এ ছাড়া সহসভাপতি পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইউএনবির এ কে এম মঈন উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউএজের সাহিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৯ ভোট। 
 
এ ছাড়া ডিবিসি নিউজের ইশরাত জাহান উর্মি যুগ্ম সম্পাদক, মানবজমিনের মিজানুর রহমান কোষাধ্যক্ষ ও জনকণ্ঠের তৌহিদুর রহমান দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগান্তরের মাসুদ করিম, ইত্তেফাকের মাঈনুল আলম, প্রথম আলোর রাহীদ এজাজ, সংবাদের সালাম জোবায়ের ও বাংলা ট্রিবিউনের শাহরিয়ার জামান সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম শফিকুল করিম। অপর দুই কমিশনার শ্যামল দত্ত ও নিজাম উদ্দিন। 
 
এর আগে রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী সাধারণ সম্পাদক পান্থ রহমান ও কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হাসিব বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
 
ইত্তেফাক/ইউবি