২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করবে বিএনপি। ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশ ও সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছিল দলটি। তবে পুলিশ ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি। সংগঠনটি সেখানে ‘জঙ্গি-সন্ত্রাস দমনে আলেম-ওলামাদের ভূমিকা’ শীর্ষক সমাবেশ করবে।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, বিএনপির আগে আবেদন করায় ৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি। রবিবার এ দলটির নেতৃবৃন্দকে সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা অপরিচিত নামগোত্রহীন ইসলামিক পার্টিকে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে জঙ্গিবাদের বিরুদ্ধে একটি সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় এই সরকার আসলে গণতন্ত্রকে হত্যা করেছে। হত্যা করে চলেছে। ভবিষ্যতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সমস্ত উদ্যোগকে বাধা প্রদান করছে।
এদিকে ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ ও কালোপতাকা মিছিল করবে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ওইদিন রাজধানীতে সমাবেশ এবং সারাদেশে কালোপতাকা মিছিল করবে বিএনপি। তবে কালোপতাকা মিছিলের কর্মসূচি ঢাকায় পালিত হবে না।
ইত্তেফাক/এমআই