খুলনায় জাতীয় পার্টির (জেপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে জেলা ও মহানগর জেপির যৌথ উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নগরীর রেলওয়ে হাসপাতাল রোডস্থ মানিক মিয়া শপিং কমপ্লেক্স চত্বরে জেপির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক এমপি মিজানুর রহমান মিজান।
মিজানুর রহমান মিজান বলেন, শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে সকল দল এ নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই দেশবাসীর প্রত্যাশা।
সভায় প্রধান বক্তা জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন, সামরিক সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জাতীয় পার্টি (জেপি) প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে গণতান্ত্রিক ধারা ব্যাহত করার অপচেষ্ঠার বিরুদ্ধে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জেপি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে গণতন্ত্র সমুন্নত রাখতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল।
সভায় বিশেষ অতিথি ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপন ও জেপি নেতা মো. হায়দার আলী হাওলাদার। বক্তব্য রাখেন জেলা জেপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাম্যবাদী দলের জেনারেল সেক্রেটারি ইকবাল মাহমুদ, বটিয়াঘাটা উপজেলা জেপির সভাপতি অ্যাডভোকেট দিলীপ, জেলা জেপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম। পরে জেপি ও দেশবাসীর উন্নয়নে দোয়া করা হয়। দোয়া মোনাজাত করেন মহানগর মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মো. মনিরুজ্জামান মনির।
ইত্তেফাক/আরকেজি