ভারতে আটক থাকা রাফিকে ফেরত

 
দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশি কিশোর রাফি শেখকে (১৭) দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
 
রাফি ভারতের বালুঘাট শুভায়ণ অবজারভেশন হোমে ২১ মাস ধরে নিরাপত্তা হেফাজতে আটক ছিল। তিনি খুলনার দৌলতপুর উপজেলার দেওয়ান মোল্লাপাড়া গ্রামের ফেরদৌস শেখের ছেলে।
 
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. আফতাব হোসেন বলেন, রাফি তার ছোট দুই বোনকে সঙ্গে নিয়ে ২১ মাস আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এসময় বালুঘাটে পুলিশ আটক করে রাফিকে শুভায়ণ হোমে এবং তার দুই বোনকে মালদা শেলটার হোমে নিরাপত্তা হেফাজতে আটক রাখে। পরে দুই দেশের সহযোগিতায় রাফিকে ফেরত আনা হয়েছে। তার দুই বোন এখনো মালদা শেলটার হোমে রয়েছে।
 
অন্যদিকে- আজ মঙ্গলবার একই সময়ে সাজার মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়া ভারতীয় নাগরিক পরাজয় বর্মণকে (২০)কে ভারতে হস্তান্তর করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। পরাজয় বর্মণ উত্তর দিনাজপুরের বিলপাড়া এলাকার রাম লোগন বর্মণের ছেলে। তিনি দেড় বছর ধরে বাংলাদেশের কারাগারে আটক ছিলেন।
 
ইত্তেফাক/জামান