নেপালের পোখারা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আসছে ২-৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। সেখানে প্রতিযোগিতায় প্রদর্শনের জন্য 'অঙ্গজ' নামে একটি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।
প্রায় ৩৫টি দেশের ৪০০'র অধিক চলচ্চিত্রের মধ্য থেকে ৩০টি দেশের মোট ১৩টি পূর্ণদৈর্ঘ্য এবং ৪০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরাক, ইরান, কাজাখিস্তান, সিরিয়া, চিলি, জার্মানি, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, ফ্রান্স, রাশিয়া, গ্রিস, চায়না, চেক প্রজাতন্ত্র, ব্রাজিল, ইতালি, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ফিলিপাইন, জর্জিয়া, সুইজারল্যান্ড, ক্রোশিয়া, সার্বিয়া, মিশরের নির্মাতাদের চলচ্চিত্র স্থান পেয়েছে।
উৎসবের জুরির দায়িত্ব পালন করবেন পেং শিয়াওলিয়ান (চায়না), শুজো ইচিয়ামা (জাপান), ভিমুক্তি জয়াসুন্দরা (শ্রীলংকা), খলিল বেনিকারেন (কাতার), অশোক রানে (ভারত), মিন বাহাদুর ভাম (নেপাল)।
উৎসবে বাংলাদেশ থেকে তামান্না সেতুর গল্প এবং খন্দকার সুমনের চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'অঙ্গজ' ছাড়াও সুপিন বর্মণের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'পোস্ট মাস্টার' প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।
নির্মাতা খন্দকার সুমন জানান, 'শ্রেণি বিভক্ত সমাজে ভিন্ন ভিন্ন জীবন যাপনের গল্পগুলো কখনো কখনো একই বিন্দুতে এসে মিলে যায়। ভিন্নতার মাঝেও মানবিক আবেগ অনুভূতি, অব্যক্ত যন্ত্রণা, জীবনের টানপোড়নের গল্পগুলো শ্রেণী কাঠামোর টানাপোড়নের অদ্ভুতভাবে একই রকমের গল্প তৈরি করে। বিভাজিত শ্রেণির ভিন্ন দুজন মা ও সন্তানের দূরত্ব, নৈকট্যের আকুতি, ভালবাসার আকাঙ্ক্ষায় কোন পার্থক্য তৈরি করে না। অঙ্গজ চলচ্চিত্র সমাজে আরোপিত ভিন্নতার খোলসের ভিতর থেকে মা-ছেলের সম্পর্কের চিরায়ত মানবিক সেই গল্পটাকেই হাজির করেছে পর্দায়।' চলচ্চিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, প্রিয়াঙ্কা বিশ্বাস, অনিক ইসলাম, হৃদয় হোসেন, সাইদুর রহমান রওনক।
ইত্তেফাক/জামান