বৃহস্পতিবার ঢাকায় আসছেন তাসকিন

গেল বছরের বহুল আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। ছবির খলনায়ক জিসান চরিত্রে অভিনয় করে চমক দেখিয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান। ঢাকা অ্যাটাক ছবি মুক্তি ও এর পরবর্তী সফলতা উদযাপনে কোথাও ছিলেন না তাসকিন। ব্যক্তিগত ব্যস্ততা তাকে মাতৃভূমি থেকে দূরে রেখেছিল তখন। তবে নতুন বছরের শুরুতেই দেশে ফিরছেন তাসকিন। 
 
জানা গেছে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তাসকিন । এ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য আসছে ৪ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন এ অভিনেতা। 
 
তাসকিন গণমাধ্যমকে বলেন,‘আমি ঢাকায় আসব ৪ জানুয়ারি, ‘যদি একদিন’ সিনেমার শুটিংয়ের জন্য। শুটিং এর কাজে প্রথম ধাপে তিনি ১৫ দিন দেশে থাকবেন। শুটিংয়ের প্রস্তুতি চূড়ান্ত। ফিল্মটা নিয়ে আমি অনেক আশাবাদী। আর গল্পটা বেশ সুন্দর। পরিচালকের কাছ থেকে যথেষ্ট সুবিধা পেয়েছি শুরু থেকেই। আশা করছি ভাল কিছুই হবে।’
 
তাসকিনের কাজ করা প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘জেমি চরিত্রটা তাসকিনকে ভেবেই লিখেছি। ছেলেটা রোমিও। মেয়েদের পটাতে তার জুড়ি নেই। এমন একটা চরিত্রে তাসকিনের মতো সুদর্শন আর রাফ অ্যান্ড টাফ দেখতে একজনকে প্রয়োজন। আমার আশা, ভিলেনের পর রোমিও হিসেবেও তাসকিন দর্শকদের মন জয় করবে।’
 
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি ছবিটি প্রযোজনা করছে। ‘ঢাকা অ্যাটাক’ ছাড়াও তাসকিন অভিনয় করেছেন ‘মৃত্যুপুরী’, ‘আদি’ ও ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে। 
 
ইত্তেফাক/রেজা