‘স্কুল আঙ্গিনায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

‘স্কুল আঙ্গিনায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ এ স্লোগানে খুলনায় দু’ সহস্রাধিক শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের গল্প শুনানো হয়েছে। নগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের অসংখ্য বাস্তব গল্প শোনানো হয়। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষা পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। 
 
অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী আযিযী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর টি. এম জাকির হোসেন। বিশেষ অতিথি থেকে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান ও মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর ইউনিটের সহকারী কমান্ডার মকবুল হোসেন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর টি.এম. জাকির হোসেন বলেন, ছোটবেলায় আমরা দাদী-নানীর কাছে যেসব গল্প শুনেছি তা আজও আমাদের মনে আছে। সেই ধারণা থেকে শিশুদের গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর এ আয়োজন। গত দু’ বছর ধরে খুলনা বিভাগের প্রতিটি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের গল্প শোনানো হচ্ছে। যা আজ সারাদেশে ছড়িয়ে পড়েছে। 
 
ইত্তেফাক/এমআই