আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে যুবক নিহত ও কমপক্ষে ২০জন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করেছে।
মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামে মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবক ফায়েক মিয়া (৩৫) ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বাহারা গ্রামের আবু তৈয়ব মিয়া ও সরোয়ার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় গ্রুপের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সরোয়ারের সমর্থক ফায়েক মিয়া নিহত হন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হন। প্রতিপক্ষের লোকজন বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মো. আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি