সাতক্ষীরার দেবহাটার ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন (৪২) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার রাত ৯টার দিকে পারুলিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে সখিপুর প্রাইমারি স্কুলের সামনে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শেখ ফারুক হোসেন রতন দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের শেখ আমজাদ হোসেন আমুর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে পারুলিয়া বাজার থেকে ঔষধ কিনে মোটরসাইকেলযোগে সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন ফারুক। পথিমধ্যে সখিপুর মোড়ে পৌছালে একটি প্রাইভেট কার থেকে তাকে থামার জন্য সিগন্যাল দেয় দুর্বৃত্তরা। এ সময় তিনি না থেমে বাড়ির দিকে এগুতে থাকেন। এ অবস্থায় সখিপুর প্রাইমারি স্কুলের সামনে পৌছালে প্রাইভেট কারে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিছন দিক থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় একটি গুলি তার বুকে লেগে ফারুক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলি তার পাজর ভেদ করে বেরিয়ে গেছে। পথচারী একজন স্কুল শিক্ষক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশংকাজনক।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ জামিল জানান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনকে জরুরী ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। তার চিকিৎসা চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা সেখানে অবস্থান করছিলেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও পাশের বাগান থেকে একজোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

ইত্তেফাক/নূহু