কাহালুতে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

 
বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বীরকেদার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, ওই সড়কের বীরকেদার ইউনিয়নে একটি টাইলস মিলের কাছে এসে বগুড়া থেকে সান্তাহারগামী একটি ট্রাকের সামনের ডান পাশের চাকা ফেটে গেলে ট্রাকটি রাস্তার উপর দাঁড়িয়ে যায়। একই সময়ে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা অপর একটি ট্রাক সান্তাহারগামী ট্রাকের সামনে ধাক্কা দিলে ওই দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাকের দুই চালক গুরুত্বর আহত হন। আহত দুই চালকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে এদের একজন মারা যান। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
এদিকে এঘটনার পর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বগুড়া-সান্তাহার সড়কের শেকাহার বাস-স্ট্যান্ড থেকে বারোমাইল এলাকা পর্যন্ত সড়কের দুপাশে অনেক যানবাহন আটকা পড়ে যায়। পরে ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়া হলে সকাল ১১টার পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কাহালু থানার এসআই ডেভিট দুর্ঘটনার পরপরই ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
ইত্তেফাক/জামান