মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি হেলিকপ্টার কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বিজিবি হেলিপ্যাড থেকে ১০০ ফুট দূরে হেলিকপ্টারটি অবতরণ করে।
শ্রীমঙ্গল বিজিবি'র একটি সূত্রে জানা যায়, কুয়েত থেকে কয়েকজন অফিসার নিয়ে ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসার পথে অবতরণের সময় হেলিকপ্টারটি শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে নামে। এ সময় বিমানের পাইলট ও কেবিন ক্রুসহ চারজন আহত হন। আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মহসীন জানান, আহতদের শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ হেলিকপ্টার ১৬ জন আরোহীসহ শ্রীমঙ্গলে যাওয়ার সময় কারিগরি ত্রুটির কারণে বিজিবি হেলিপ্যাড থেকে ১০০ ফুট দূরত্বে জরুরি অবতরণ করে। হেলিকপ্টারের ২ জন পাইলট উইং কমান্ডার ওমর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদীসহ সকল আরোহী জরুরি অবতরণের পর হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বৈমানিকসহ সকল আরোহী সুস্থ আছেন। হেলিকপ্টারটি ৯টা ২০ মিনিটে তেজগাঁও থেকে উড্ডয়ন করে।
ইত্তেফাক/জামান