রামগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে কিশোর নিহত, আহত ৫

 
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর আমিন উল্যা সুপার মার্কেটের একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহাদ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
 
নিহত আহাদ হোসেন রামগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম কাজীরখীল গ্রামের আখন বাড়ির রিকশাচালক আবু ছায়েদ গুজার ছেলে।
 
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে হোটেলে রান্না চলাকালীন সময়ে হটাৎ গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে দোকানের ভিতরে থাকা কয়েকজন ক্রেতা বের হতে পারলেও অটোরিকশা শ্রমিক মো. আহাদ হোসেন হোটেলের ভিতর আটকা পড়ে। কিছুক্ষণ পর বিস্ফোরণ হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পার্শ্ববর্তী আপন টেলিকম ও হোটেলের ভিতর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এসময় হোটেলের ভিতর আটকেপড়া কিশোর আহাদ হোসেন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। 
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, স্থানীয় একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় চুলা বন্ধ না করায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান