নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ওঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছোটধলী এলাকায়।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোটধলী এলাকার গোলাম মাওলা মিয়ার বাড়ির গোলাম ছারওয়ার তার স্ত্রী শাহানারা বেগমকে দীর্ঘদিন যাবত যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরের দিকে স্ত্রী শাহানারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালীতে প্রেরণ করেছে।
নিহত শাহানারা বেগমের ছেলে সাইমুন (১০) জানান, তার মা শাহানারা বেগম দুপুরে নামায শেষ করে মোনাজাত করার সময় হঠাৎ করে তার বাবা পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করে। মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী জানান, দুই পক্ষকে অনেকবার বৈঠক করে সমাধান করেছিলাম। কিন্তু কাজ হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, যৌতুকের জন্য শাহানারাকে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্তকে ধরার চেষ্টা করছে।
ইত্তেফাক/জামান