গুলিবিদ্ধ সাতক্ষীরার আওয়ামী লীগ নেতাকে ঢাকায় স্থানান্তর

 
দুর্বৃত্তদের গুলিতে গুরতর আহত সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
 
সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে স্টেডিয়ামে আনা হয়। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে সেখান থেকে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
 
এর আগে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সখিপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সখিপুর স্কুল মোড়ে পৌঁছালে দূর্বৃত্তরা ফারুক হোসেন রতনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। এ সময় তার বুকে একটি গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব রায়হান জানান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়। তিনি এখন শঙ্কা মুক্ত। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কায়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
 
২০১৩ সালে সাতক্ষীরায় দেবহাটা উপজেলার সখিপুরে জামায়াত শিবিরের ক্যাডাররা তার উপর হামলা চালায়। রতনের মৃত্যু হয়েছে ভেবে তারা ফেলে রেখে যায়। ২ বছর চিকিৎসার পর শেখ ফারুক হোসেন রতন সুস্থ হয়ে উঠেন।
 
ইত্তেফাক/ইউবি