পশ্চিমাঞ্চলে ট্রেনের শিডিউল বিপর্যয়

 
ঢাকা-খুলনা রুটের ৭৬৪ নং চিত্রা এক্সপ্রেস ট্রেন বুধবার ৭ ঘণ্টা ৩০ মিনিট বিলম্বে চলাচল করছে। গাজীপুরে ট্রেন ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কারণে এ ধরনের শিডিউল বিপর্যয় ঘটেছে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানানো হয়েছে। 
 
অন্যদিকে লালমনিহাট, দিনাজপুর ও রাজশাহীর সঙ্গে ঢাকার যাত্রীবাহী চারটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টার বেশি বিলম্বে গন্তব্যে পৌঁছেছে। বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে খুলনা অভিমুখে যাত্রা করে ৭৬৪ নং চিত্রা এক্সপ্রেস ট্রেন। 
 
এদিকে মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের সাড়ে ১২ ঘণ্টা বিলম্বে বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী এসে পৌঁছায়। ট্রেনটি বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস নামে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগের কথা ছিল। কিন্তু সেটি দুপুর দেড়টার পর ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যায়। তবে বুধবার সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ধুমকেতু আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের দেড়ঘন্টা পর দুপুর দেড়টার দিকে রাজশাহীতে পৌঁছে। বিকেলে নির্ধারিত সময় বিকাল ৪টায় ট্রেনটি পদ্মা আন্তনগর এক্সপ্রেস নামে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে গেছে। 
 
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, ট্রেনের সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েন। জয়দেবপুর থেকে রাত ৮টায় ছাড়ার নির্ধারিত সময় ছিল ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪ নং চিত্রা এক্সপ্রেস। পরে জয়দেবপুর থেকে ট্রেনটি রাত ৩টায় ছেড়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি