‘সুন্দর সমাজ গঠনে মহানবীর উত্তমচরিত্র অনুসরণের বিকল্প নেই’

 
ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও বিশৃঙ্খলমুক্ত সমাজ গঠনে আমাদের সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ (স.) এর উত্তম চরিত্র অনুসরণের বিকল্প নেই। আজীবন তার সুন্নাত হুবহু অনুসরণ করার মধ্যদিয়ে মানবিক মূল্যবোধ ও উত্তম চরিত্র গঠন সম্ভব। আর তা একে একে সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজে শান্তি ফিরে আসবে। 
 
বুধবার রাজধানীর আশকোনায় হজক্যাম্প সংলগ্ন সিভিল এভিয়েশন মাঠে বিশ্বব্যাপী অরাজনৈতিক ও দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর তিনদিনের সুন্নাতে ভরা ইজতেমার প্রথম দিনে বক্তারা এসব কথা বলেন।
 
সকাল ১০টায় কোরআন তেলাওয়াত ও নাতে শরিফ পরিবেশনের মধ্যদিয়ে রাজধানীতে শুরু হয় দাওয়াতে ইসলামীর তিনদিনের সুন্নাতে ভরা ইজতেমা। নিশ্চিদ্র নিরাপত্তায় ইজতেমায় সারাদেশ থেকে হাজার-হাজার মুসল্লি জমায়েত হয়েছেন। বিদেশ থেকেও আসছেন মুসল্লিরা। প্রথমদিনেই সিভিল এভিয়েশনের বিশাল মাঠ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। তিনদিনের ইজতেমায় চলবে বিষয় ভিত্তিক বয়ান। সরাসরি শেখানো হবে নামাজ-দোয়াসহ ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ আমলসমুহ। শুক্রবার পবিত্র জুমা শেষে মিলাদ ও আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে সুন্নাতে ভরা এই ইজতেমা।
 
কোরআন তেলাওয়াত করে ইজতেমার আনুষ্ঠানিক সুচনা করেন ক্বারী হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম আত্তারী। তারপর মনমুগ্ধকর নাতে রাসুল (সা) পরিবেশন করেন মোহাম্মদ শোয়েব আত্তারী। 
 
হামদ ও নাতের পর শুরু হয় প্রথমদিনের বিষয় ভিত্তিক বয়ান। উত্তম চরিত্র গঠন নিয়ে আলোচনা করেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মোহাম্মদ নাঈমুল হায়দার আত্তারী। তারপর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও আপনার কেমন বন্ধু হওয়া উচিৎ এ নিয়ে সারগর্ভ আলোচনা করেন মুবাল্লিগ নুরুল আমিন আত্তারী। তারপর আদব-কায়দা, সালাম ও মুসাফাহার সুন্নাতসমুহ, আজান, অজু, নামাজের হুকুম আহকাম নিয়ে আলোচনা হয়। এরপর অদৃশ্যের সংবাদদাতা হিসেবে মহানবী (স.) এবং আউলিয়া কেরামের মহাত্ম্য ও মর্যাদা নিয়ে কোরআন-হাদিসের দলীল ভিত্তিক আলোচনা করেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মোহাম্মদ রিয়াজ আত্তারী ও মোহাম্মদ মসউদ আত্তারী। 
 
বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও চলবে কোরআন-হাদিসের উপর বিষয়ভিত্তিক আলোচনা। অনুষ্ঠিত হবে জিকির আজকার ও বিশেষ আমলসমুহের পাশাপাশি মিলাদ, দোয়া-মোনাজাত।
 
ইত্তেফাক/ইউবি