‘সুবিধা বাড়াতে নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করা হলো’

নাগরিক সুবিধা বাড়াতেই নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বুধবার দুপুরে নিবন্ধন পরিদফতরের কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানকে অধিদফতরে উন্নীতকরণ উপলক্ষে আইনমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে গেলে তিনি তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নাগরিক সুবিধা বাড়াতে সরকার সকল জেলা ও উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেলা রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসভবন নির্মাণ করছে। ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪৮টি জেলা রেজিস্ট্রি অফিস ভবন এবং ২৩৩টি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া ৩০৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট ১৪টি জেলা রেজিস্ট্রি অফিসভবন এবং ২ ও ৩ তলা বিশিষ্ট ৯৮টি সাব-রেজিস্ট্রি অফিসভবন নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। 
 
তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে আর কোন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারকে ভাড়া বাসায় অফিস করতে হবে না।
 
আনিসুল হক বলেন, বাংলাদেশে যে নতুন দিন আসছে সেখানে জনগণের প্রত্যাশা অনেক বাড়বে। তারা উন্নত সেবা চাইবে। প্রশিক্ষণ ছাড়া সেই সেবা দেয়া সম্ভব হবে না। বাসস
 
ইত্তেফাক/কেকে