মা, স্ত্রী ও মেয়েকে পুড়িয়ে হত্যার চেষ্টা

 
বগুড়ার কাহালু উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মা, স্ত্রী ও মেয়েকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কালাই কর্ণিপাড়া গ্রামের খয়বর হোসেনের ছেলে রিপন মিয়ার বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
 
তারা হলেন- রিপন মিয়ার স্ত্রী রাজিয়া খাতুন (২৪), তার মেয়ে আদুরী খাতুন (৫) ও মা রাশেদা খাতুন (৫০)। বুধবার ভোরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ জানায়, ওই গ্রামের খয়বর হোসেনের ছেলে রিপন মিয়া দুই বছর আগে বিদেশে চলে যাওয়ার পর তার স্ত্রী রাজিয়া, মেয়ে আদুরী এবং মা রাশেদা একই বাড়ি থাকেন। বয়স্ক পিতা সংসার দেখাশোনা করেন।
 
মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তাদের শোবার ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দাহ্য পদার্থ দিয়ে আগুন লেগে দেয়। এসময় আগুনের তাপে চিৎকার দিলে আশপাশের লোকজন তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
 
কাহালু থানার ওসি শওকত কবির জানান, রাতের বেলা আগুনে দগ্ধ হয়েছে একই পরিবারের তিন সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি