কুষ্টিয়ার মিরপুরে সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় ও ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউ.পি. চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে বাছাই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ।
যাচাই-বাছাই শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান মিঠু জানান, উপস্থিত ৭০ জনের মধ্যে ৪৩ জন বয়স্ক, ৬০ জনের মধ্যে ২৬ জন বিধবা ও ৪৭ জনের মধ্যে ১০ জন প্রতিবন্ধীকে সুফলভোগী হিসেবে ভাতার কার্ড প্রদান করা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এই উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাছাই কার্যক্রম পরিচালিত হবে।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার গরিব, অসহায় মানুষের কথা বিবেচনা করে এই ভাতার কার্যক্রম অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, উপস্থিত সকল ভাতা প্রত্যাশী ব্যক্তিরা পর্যায়ক্রমে সবাই সুফলভোগী ভাতার কার্ড পাবেন। প্রথমবারের মত এ ধরনের উন্মুক্ত বাছাই কার্যক্রমকে সকলে সাধুবাদ জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু