প্রতিপক্ষের হামলায় বরিশাল ছাত্রলীগের প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠান পণ্ড

বরিশাল সদরে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাত ১১টায় নগরীর আলেকান্দাস্থ নূরিয়া স্কুলে কেক কাটার আয়োজন চলছিল। এ সময় অনুষ্ঠানে হামলা চালিয়েছে মহানগর ছাত্রলীগ দাবীদার অপর একটি পক্ষ। হামলায় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের অনুসারীদের মারধর ও ৫টি মোটরসাইকেল ও চেয়ার-টেবিল ভাংচুর করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

হামলার শিকার মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম কানন জানান, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও ছাত্রলীগ নামধারী রইচ আহম্মেদ মান্নার নেতৃত্বে মোটরসাইকেল বহর এসে আকস্মিক হামলা চালায়। তারা মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে ধাওয়া করে। পরে তাকে না পেয়ে আমাকে এবং মেহেদী নামে এক ছাত্রলীগ নেতাসহ ৫/৬ জনকে ব্যাপক মারধর করে। ভাংচুর করা হয় আমাদের মোটরসাইকেলগুলোও। এছাড়া আয়োজনস্থল ভাংচুর করে তা পণ্ড করে দেয় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা।

এদিকে ভাংচুর ও হামলার ঘটনার পর হামলাকারীরা সশস্ত্র মহড়া দেয় পুরো নগরজুড়ে। এতে ভীত হয়ে পড়ে সাধারণ মানুষ।

এই বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন জানান, ছাত্রলীগ পরিচয় দিয়ে তাদের কর্মসূচীতে হামলা চালিয়ে বীরদর্পে সন্ত্রাসীরা নগরীতে সশস্ত্র মহড়া দিলেও পুলিশ গ্রেফতার করছে না। ছাত্রলীগ পরিচয়দানকারী রইজ আহম্মেদ মান্নাকে কল করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই আরাফাত হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশও রয়েছে ঘটনাস্থলে।

ইত্তেফাক/নূহু