সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়। অথচ বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচন হওয়ার কথা বলে মানুষকে ব্লাকমেইলিং করার চেষ্টা করছে। বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত কুমিল্লা, রংপুর সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনগুলো শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। যা দেশি-বিদেশি সব পর্যবেক্ষকই বলেছেন।
গতকাল বুধবার খাগড়াছড়ির রামগড়ে রামগড়-সাব্রুম স্থলবন্দর ও ফেনী নদীর ওপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এর নির্মাণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার সাথে সাথে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাত্রদাহ শুরু হয়ে গেছে। পায়রা সমুদ্রবন্দরসহ বর্তমান সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের বাস্তবায়ন দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। কোনো মেগা প্রকল্প বাস্তবায়ন তো দূরের কথা, পরিকল্পনা নেয়ার সক্ষমতা, সাহস, আন্তরিকতা, সদিচ্ছা কোনোটাই বিএনপির নেই।
রামগড় পৌরসভার সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, জেলা পুলিশ সুপার আলী আহমদ খানসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ভারতের হাইকমিশনার সাংবাদিকদের বলেন, মৈত্রী সেতু নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ সেতু দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। প্রসার ঘটবে ত্রিপুরার সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে। বৈঠক শেষে সেতুমন্ত্রী ও ভারতের হাইকমিশনার রামগড় পৌর এলাকার মহামুনিতে স্থলবন্দর ও মৈত্রী সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন।
খায়রুল আলম সেলিমের শয্যা পাশে ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিত্সাধীন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিমকে দেখতে যান। মন্ত্রী সোমবার রাতে হাসপাতালে গিয়ে খায়রুল আলম সেলিমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার চিকিত্সকদের সঙ্গে কথা বলেন।
ওবায়দুল কাদেরের সঙ্গে নবনিযুক্ত বিমান ও পর্যটন মন্ত্রীর সৌজন্য সাক্ষাত্
নবনিযুক্ত বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও মতবিনিময় করেন। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দুই নেতা সৌজন্য সাক্ষাত্ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি, একেএম এনামুল হক শামীম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস.এম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু