লৌহজং নদীতে ব্রিজ না থাকায় তিন উপজেলার মানুষের চরম দুর্ভোগ

মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া বাজার সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা ব্রিজ না হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে যুগযুগ ধরে তিন উপজেলাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্ষাকালে খেয়া নৌকা এবং শুষ্ক মৌসুমে নড়বড়ে একটি বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে নড়বড়ে একটি বাঁশের সাঁকো দিয়ে লোকজন পারাপার হচ্ছে।

জানা গেছে, মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলের হাজার হাজার জনসাধারণ মির্জাপুর সাহাপাড়া-কামারপাড়া এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। রাস্তাটির অবস্থাও করুণ। সংসদ সদস্য মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ রাস্তাটি পাকা করলেও কামারপাড়া বাজার সংলগ্ন লৌহজং নদীর উপর ব্রিজটি আজো পাকা করা হয়নি। ফলে মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলের ২০-৩০টি গ্রাম এবং পার্শ্ববর্তী ধামরাই ও সাটুরিয়া উপজেলার হাজার হাজার জনসাধারণ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বর্ষাকালে খেয়া নৌকা এবং শুষ্ক মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়ে আসছে। এতে করে জনসাধারণের দুর্ভোগের অন্ত নেই।

ভাওড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, কামারপাড়া বাজার সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণ অতি জরুরি। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় পাকা ব্রিজ নির্মাণ সম্ভব হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলাপ করা হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে ঐ নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

এ ব্যাপারে সংসদ সদস্য একাব্বর হোসেন বলেন, মির্জাপুর উপজেলার প্রতিটি এলাকায় যোগাযোগের জন্য ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যুত্ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন করা হয়েছে। বিশেষ করে বংশাই নদীর উপর ত্রিমোহন এলাকায় বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ব্রিজ, থলপাড়া ব্রিজ, লৌহজং নদীর উপর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ব্রিজ, পুষ্টকামুরী ব্রিজ, সরিষাদাইর ব্রিজ, বরাটি ব্রিজ ও গুনটিয়া ব্রিজ নির্মাণ করে যোগোযোগের জন্য খুলে দেওয়া হয়েছে। কামারপাড়া বাজার সংলগ্ন নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ অল্প দিনের মধ্যেই করে দেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগ ব্রিজ নির্মাণের জরিপ কাজসহ অন্যান্য সকল কাজ সম্পন্ন করেছে বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু