চলছে প্যাভিলিয়ন-স্টল সাজানোর কাজ

 
হাতে গোনা দর্শনার্থী, ভিড়ভাট্টা নেই, আয়েসী চলাফেরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর দিকের এটি স্বাভাবিক চিত্র। মেলার তৃতীয় দিনেও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেননি ব্যবসায়ীরা। এখনো চলছে স্টল নির্মাণের কাজ। যা শেষ হতে সময় লাগবে আরো। দেশি ও বিদেশি ব্র্যান্ডের বড় প্যাভিলিয়নগুলোর নির্মাণ ও সাজগোজের কাজ প্রায়ই শেষ। চলছে পণ্য প্রদর্শনীর কাজ। কোন পণ্য কোন জায়গায় রাখলে সহজে ক্রেতাদের নজরে আসবে, অন্যদিকে বিক্রেতারা কে কোথায় দাঁড়িয়ে ক্রেতা-দর্শনার্থীদের সামনে তুলে ধরবেন তার পছন্দের পণ্যটি এ সব নিয়ে ব্যস্ত সময় কাটছে বিক্রেতাদের। পুরোপুরি গুছিয়ে উঠতে এ সপ্তাহ লেগে যাবে বলে মনে করছেন তারা। ব্যবসায়ীরা বলেন, সামনের শুক্রবারকে লক্ষ্য রেখে স্টল সাজানোর কাজ চলছে। কারণ ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীরা মেলায় ঢু মারবেন।
 
স্টল নির্মাণ ও সাজগোজের কাজে ছোট ছোট স্টলগুলোর পাশাপাশি পিছিয়ে আছে বিদেশি স্টলগুলো। থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস ও দক্ষিণ কোরিয়সহ ১৭টি দেশের ৪৩টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। এদের মধ্যে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, তুরস্কের স্টল ও প্যাভিলিয়নগুলোতে এখনো চলছে নির্মাণ কাজ। এ দিকে শেষ বিকালে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। অনেকেই বন্ধু-বান্ধব কিংবা পরিবার-পরিজন নিয়ে মেলায় ঢু মারছেন। কেনা-কাটা করতে চোখে না পড়লেও খাওয়া-দাওয়া আর ঘোরাঘুরিতে সময় কাটাচ্ছেন তারা। তবে দৃষ্টিনন্দন স্টল ও প্যাভিলিয়নগুলোর সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে ভুলছেন না।
 
ইত্তেফাক/কেকে