শেরপুরের নকলা উপজেলার রেহাই অষ্টধর শিকদার পাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের ঘাট সংলগ্ন একটি মাশকলাই ক্ষেত থেকে আমিরুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নকলা উপজেলার রেহার চর গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম, ঢাকার গাজীপুরে নানাবিধ কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত কয়েকদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসে এবং ঘটনার দিন সন্ধ্যায় পার্শ্ববর্তী গ্রামে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সভা চলাকালীন সময়ে পথচারীরা বর্ণিত মাশকলাই ক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থেকে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমিরুলের মৃতদেহ উদ্ধার করে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নকলা থানায় নিহতের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান