ঢাকা-কলকাতা বাস রুট: চারটিতে এনআর ট্রাভেলস, একটিতে রয়েল কোচ

ভারতের সঙ্গে পাঁচ আন্তর্জাতিক রুটে নতুন বাস অপারেটর চূড়ান্ত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। এর মধ্যে ঢাকা-কলকাতাসহ চারটি রুটে চলবে ‘এন আর ট্রাভেলস’ (শ্যামলী এন্টারপ্রাইজ), আর ঢাকা-আগরতলা রুটে ‘রয়েল কোচ’। 
 
আন্তর্জাতিক রুটের টেন্ডার কমিটির প্রধান বিআরটিসির পরিচালক (অর্থ) আমজাদ হোসেন জানান, টেন্ডারের মাধ্যমে এন আর ট্রাভেলস চারটি ও রয়েল পরিবহন এক রুটে বাস অপারেটর হিসেবে নিযুক্ত হয়েছে। এন আর ট্রাভেলস বাস অপারেটর হিসেবে এখন থেকে ঢাকা-কলকাতা, ঢাকা-শিলং-গোয়াহাটি, ঢাকা-খুলনা-কলকাতা, এবং ঢাকা-আগরতলা রুটে চলবে রয়েল কোচ। বুধবার নতুন বাস অপারেটর দু'টিকে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। 
 
বিআরটিসি সূত্র জানায়,  নতুন বাস অপারেটর নিযুক্ত করার মাধ্যমে সরকারের রাজস্ব বাড়বে। তবে যাত্রী ভাড়ার পরিবর্তন হবে না, আগের মতো ভাড়া থাকবে। পাঁচটি রুট পেতে গত বছরের জুলাই মাসে বিআরটিসির ডাকা টেন্ডারে অংশ নিয়েছিল শ্যামলী পরিবহন, গ্রিন লাইন পরিবহন, শ্যামলী এন্টারপ্রাইজ (এন আর ট্রাভেলস), সেজুতি ট্রাভেলস এবং রয়েল কোচ। পরে ভাড়া নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে করা মামলার রুল জারির কারণ দেখিয়ে দরপত্র উন্মুক্ত করা বন্ধ রাখা হয়। এ অবস্থায় পাঁচ মাস টেন্ডার প্রক্রিয়া স্থগিত ছিল। পরে আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর নতুন বছরে দরপত্র প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন করে এন আর ট্রাভেলস ও রয়েল কোচকে নতুন বাস অপারেটর নিযুক্ত করা হয়।
 
১৯৯৯ সালে ঢাকা-কলকাতা রুটে সৌহার্দ্য বাস সার্ভিসের জন্য বাংলাদেশের বিআরটিসি ও ভারতের ডব্লিউ বিটিসির কর্তৃপক্ষ উভয় প্রতিবেশি দেশের মধ্যে বাস সেবা চালু করে। তখন শ্যামলী পরিবহনকে ঢাকা-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। এবার শ্যামলী পরিবহন বাদ পড়েছে।
 
ইত্তেফাক/এমআই