চকরিয়ায় ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

 
চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকাজে জড়িত দুই মাদক ব্যবসায়ী ও তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
 
বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ইয়াবাসহ তাদের আটক করে। তারা হলেন- যশোর জেলার কোতোয়ালি থানার হিরু মোল্লার ছেলে মো.সবুজ মোল্লা (৩৫) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার মৃত আবদুল হামিদের ছেলে মো. হোসেন (৩০)।
 
অভিযানের সত্যতা নিশ্চিত করে মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (ইনর্চাজ) মো. নুরে আলম বলেন, খবর আসে দুই মাদক ব্যবসায়ী একটি পিকআপ গাড়িতে করে অভিনব কৌশলে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বড়ির চালান নিয়ে ঢাকা যাচ্ছে। তাৎক্ষণিক একদল পুলিশ নিয়ে সড়কে তল্লাশি চেকপোস্ট বসানো হয়। সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা পিকআপ গাড়িটি মহাসড়কের বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় আসলে গতিরোধ করি।
 
তিনি বলেন, গাড়িতে থাকা দুই যুবককে আটকে রেখে তল্লাশি চালাই। পরে গাড়ির বডির নিচ থেকে পলিথিনে মোড়ানো বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করি। প্যাকেটগুলো খুলে দেখা যায় ইয়াবা বড়ি। পরে গুনে দেখি তাতে ১৮ হাজার পিস ইয়াবা বড়ি রয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ টাকা।
 
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হাইওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত ইয়াবা, পিকআপ গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি নুরে আলম বাদী হয়ে বিকালে তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি