পাবনা শহরের দিলালপুর মহল্লার টেকনিক্যাল মোড় এলাকায় আরিফুল ইসলাম সাগর (২২) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল পাবনা পৌর সদরের কাচারিপাড়া মহল্লার মৃত আব্দুল হামিদের ছেলে। সে পাবনা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
তিনি জানান, ঘটনার সময় টেকনিক্যাল মোড়ে একটি চা স্টলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৭/৮ জনের একদল সন্ত্রাসী আরিফুল ইসলাম সাগরকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছিল।
এদিকে নিহত যুবক ছাত্রলীগের কর্মী ছিল বলে শোনা গেলেও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক জানান, নিহত আরিফুল ইসলাম সাগর ছাত্রলীগের কেউ নয়।
ইত্তেফাক/নূহু